গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট লেকের কচুরিপানা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় সদর ভূমি অফিসের সামনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
জেলা প্রশাসন, গাইবান্ধা আয়োজিত এবং গাইবান্ধা পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় এই অভিযান শুরু হয়। অনুষ্ঠানে গণ উন্নয়ন কেন্দ্র (Gana Unnayan Kendra), World Vision, ৫ পদক্ষেপ এবং FRIENDSHIP এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেন, শুধুমাত্র প্রশাসনের উদ্যোগে এ ধরনের কাজ সফল করা সম্ভব নয়; এর জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, সবার সহযোগিতায় আগামী সাত দিনের মধ্যে গাইবান্ধা সদর পৌরসভার ঘাঘট লেক সম্পূর্ণ পরিষ্কার করা হবে। পাশাপাশি লেকের দুই পাশে পর্যটন কেন্দ্রের আদলে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে শিউলি, লাল শিউড়ি, শিমুলসহ বিভিন্ন প্রজাতির ফুলের গাছের চারা রোপণ করা হবে।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঘাঘট লেকের পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি এটি একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে।